
ভারতে বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে গত ২০ জুলাই নতুন দিল্লির কেন্দ্রস্থল অচল করে দিয়েছিলেন হাজার হাজার শিক্ষার্থী। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভে পুলিশ দমনপীড়ন চালালে পরিস্থিতি রক্তাক্ত হয়ে ওঠে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আন্দোলনের এই উত্তাপ এখন রাজপথ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জগতে।
পুলিশি নির্যাতনের শিকার হওয়ার পর শিক্ষার্থীরা এখন নিজেদের মোবাইলফোনে ধারণ করা ফুটেজ, দ্রুতগতির এডিট এবং হিপ-হপ গানের সুর মেলানো মিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। ১৮ বছর বয়সি অবন্তিকা সিং, যিনি পার্লামেন্টের সামনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তিনি জানান, পুলিশি লাঠিচার্জ থেকে বাঁচতে দৌড়ানোর সময়ও তিনি মোবাইল বের করে দৃশ্যটি ধারণ করেছিলেন। পরে তিনি তা সম্পাদনা করে ইনস্টাগ্রামে পোস্ট করেন।
অবন্তিকা আল জাজিরাকে বলেন, ‘সবাই এখন শুধু এটি নিয়েই কথা বলছে। আমরা আমাদের বিপ্লবকে সরাসরি প্রচার করছি। আজ পুরো দেশ আমাদের সঙ্গে পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাসের আঘাত অনুভব করছে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রায় ১২ বছর আগে যে সামাজিক যোগাযোগমাধ্যমকে সফলভাবে ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি, আজ সেই একই মাধ্যমকে ব্যবহার করে মোদি সরকারের বিরুদ্ধেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ভারতীয় তরুণ সমাজ (জেন-জি)।
আপনার মতামত লিখুন :