
নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য পদ ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে আইনি বিশ্লেষণ তুলে ধরেন।
ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘পদত্যাগ’ সংক্রান্ত বিষয়টি উল্লেখ আছে, কিন্তু গাজী নজরুল ইসলামকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে। তিনি বলেন, নৈতিক স্খলনের কারণে জামায়াতে ইসলামী বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর প্রক্রিয়া শুরু করেছে। এই প্রেক্ষাপটে সংসদ সদস্য হিসেবে তার থাকা না থাকা নিয়ে তিনি নিজের মতামতের প্রেক্ষিতে বলেন, আমার মতে তিনি আর সংসদ সদস্য থাকতে পারবেন না।
উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্তের মাধ্যমে তার নৈতিক স্খলনের প্রমাণ পায়। এই প্রমাণের ভিত্তিতে দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :