
ভারতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আটক সব বিক্ষোভকারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার আল্টিমেটাম দিয়েছেন প্রখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অন্যথায় তিনি ফের অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পরিচালিত দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়ে ওয়াংচুক বর্তমান পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে অভিহিত করেছেন।
এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দেয়া না হলে তিনি অবস্থান কর্মসূচি, অনশন কিংবা দিল্লি বা লেহ অভিমুখে পদযাত্রার মতো কঠোর কর্মসূচি গ্রহণের কথা বিবেচনা করবেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং এসব কর্মসূচির প্রয়োজন হবে না। এর আগে গত জুলাই মাসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রথম দফার আন্দোলনের সময় ওয়াংচুক ২৬ দিন অনশন করেছিলেন। সে সময় অনশনের ২০তম দিনে তাঁকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা হলে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছিল।
১৯৭০-এর দশকের জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে ওয়াংচুক বলেন, বর্তমান পরিস্থিতি সেই সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে, যখন নাগরিক স্বাধীনতা ও অধিকার স্থগিত করা হয়েছিল। এদিকে, ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপি ও বামপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার থেকেই দিল্লি কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতায় শনিবার সকাল পর্যন্ত আট হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে চারজন সাবেক মুখ্যমন্ত্রী রয়েছেন। এছাড়া সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকে এবং ইউটিউবার ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :