
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান বিভিন্ন আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান স্পিকার। সেখান থেকে শুক্রবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার জানান, তার মেডিকেল চেকআপ শেষ হয়েছে এবং ব্যক্তিগত কিছু কাজের প্রয়োজনে তিনি সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে ছিলেন এবং এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবেন, কী করবেন—তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব।’
রাষ্ট্রপতির পদত্যাগ করলে সাংবিধানিক নিয়ম কী হবে, এমন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছেই জমা দিতে হবে। সংবিধান অনুযায়ী, পদত্যাগ পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এছাড়া, রাষ্ট্রপতির পদত্যাগ হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :