Facebook Twitter Instagram YouTube

তৃণমূল থেকে প্রতিভা খুঁজে জাতীয় পর্যায়ে আনার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ / ০
তৃণমূল থেকে প্রতিভা খুঁজে জাতীয় পর্যায়ে আনার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। একই সঙ্গে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ক্রীড়াবিদদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল গ্র্যান্ড সুলতানে সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ক্রীড়াবাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবা, নাগরিক সুযোগ-সুবিধা, দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসা সহায়তা এবং জীবনবীমাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে একজন ক্রীড়াবিদ ও তার পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম আসরের সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে বাছাইকৃত ৩০৬ জন ক্রীড়াবিদকে বর্তমানে ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের বিকেএসপিতে ভর্তি করে শিক্ষা ও খেলাধুলার যাবতীয় ব্যয় বহন করবে সরকার। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে সারাদেশের ৫০৩টি উপজেলায় একযোগে এই কর্মসূচির দ্বিতীয় আসর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এতে প্রায় ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদ অনলাইনে নিবন্ধন করেছেন, যার ৪২ শতাংশই কিশোরী।

আমিনুল হক আরও বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন এবং প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। মৌলভীবাজার জেলাতেও অগ্রাধিকার ভিত্তিতে স্পোর্টস ভিলেজ করা হবে। এছাড়া খেলাধুলাকে সারা বছর সচল রাখতে আগামী জানুয়ারি থেকে ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টের লিগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে একটি সুস্থ সমাজ গঠন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানী ইমরানের সভাপতিত্বে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, সিনিয়র সদস্য আব্দুল মুকিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু এবং কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy