
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার মূল সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে বছরের শুরুতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতেই পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :