
দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ ফিরে পেলেন মো. রাশেদ খাঁন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। ৩১ আগস্ট সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়। এর আগে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি তার ছাত্রত্বকে অবৈধ হিসেবে চিহ্নিত করে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার ছাত্রত্ব বাতিল করা হয়, যার ফলে তার ডাকসুর জিএস পদটিও বাতিল হয়ে যায়।
এই পরিবর্তনের পর ২০১৯ সালের নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ওই পদে বিজয়ী ঘোষণা করে সিন্ডিকেট। সিদ্ধান্তের পর রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আলহামদুলিল্লাহ’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ৩৭তম ডাকসু নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে অংশ নেওয়া রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। একই নির্বাচনে ভিপি পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন নুরুল হক নুর।
আপনার মতামত লিখুন :