Facebook Twitter Instagram YouTube

সেন্টমার্টিনে বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ ও অসুস্থতা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ / ০
সেন্টমার্টিনে বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ ও অসুস্থতা

সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচিতে অংশ নেওয়া অন্তত অর্ধশত শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। খতনা করানোর দুই দিনের মাথায় এসব শিশুর ক্ষতস্থানে ইনফেকশন, ব্যথা, ফুলে যাওয়া এবং রক্তক্ষরণের মতো জটিলতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে গত মঙ্গলবার সকাল থেকে স্বজনেরা শিশুদের নিয়ে সেন্টমার্টিন দ্বীপ হাসপাতালে ভিড় করেন।

গত রবিবার দ্বীপের সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই বিনামূল্যে চিকিৎসাসেবা ও খতনা কর্মসূচি আয়োজন করা হয়েছিল। আয়োজকদের তথ্যমতে, এমবিবিএস চিকিৎসক মো. আব্দুর রহিম রিফাতের নেতৃত্বে ১৪ সদস্যের একটি চিকিৎসক দল ৫ থেকে ১৫ বছর বয়সী মোট ২১০ শিশুর খতনা সম্পন্ন করে এবং তাদের ওষুধ প্রদান করে।

তবে কর্মসূচির দুই দিন পর থেকেই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অসুস্থ শিশুদের মধ্যে মো. ফয়সাল ও আইনুল ইসলাম নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে নৌযান সংকটের কারণে এক শিশুর পরিবার তাকে টেকনাফে নিতে গিয়ে চরম বিপাকে পড়েছে।

সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ জন শিশু চিকিৎসা নিতে হাসপাতালে এসেছে। অনেকের ক্ষতস্থানে ইনফেকশন হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। খবর পেয়ে বুধবার সকাল ১০টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কাননের নেতৃত্বে একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে শিশুদের প্রাথমিক চিকিৎসা প্রদান করছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা খতনা করানোর সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও সতর্কতা অবলম্বন করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কবির আহমেদ নামের এক অভিভাবক জানান, তার ৯ বছর বয়সী ছেলে আইনুল ইসলামকে ওই মেডিকেল টিমের মাধ্যমে খতনা করানোর পর থেকেই জটিলতা দেখা দেয়। তিনি চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং খোঁজখবর নিচ্ছেন। চিকিৎসক দলের কোনো গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy