
জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ শুরু করে।
সামিট কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে জানিয়েছে, ধাপে ধাপে গ্যাসের সরবরাহ বাড়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১৫ আগস্ট রাত ২টার মধ্যে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে।
দেশে বর্তমানে চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে সামিটের এই অতিরিক্ত সরবরাহ বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সামগ্রিক জ্বালানি ব্যবস্থার ওপর থাকা চাপও কিছুটা লাঘব হবে।
নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে টার্মিনালের কারিগরি সক্ষমতা এবং জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো মাথায় রেখে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে সামিট এলএনজি। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, দেশের শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অপরিহার্য। তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাস সংকট নিরসনে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে সামিট তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :