Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ / ০
হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই জাহাজের অন্তত ১২ জন ক্রু আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক। গত মঙ্গলবার (৬ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার শিকার হওয়া ওই বাণিজ্যিক জাহাজটির নাম ‘এমটি অন পিস’। জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার ঘটনার পরপরই আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে ওমানের কর্তৃপক্ষ। বর্তমানে তাদের ওমানের খাসাব শহরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আঞ্চলিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর একের পর এক হামলা গভীর উদ্বেগের বিষয়’।

এদিকে ‘এমটি অন পিস’ নামের ওই ট্যাংকারে কে বা কারা প্রজেক্টাইল ছুড়ে হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই হামলার ঘটনার জন্য ভারতও সরাসরি কোনো পক্ষকে দায়ী করেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh