Facebook Twitter Instagram YouTube

জেআইসিতে বন্দি অবস্থায় তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল: আমিনুল ইসলাম


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ /
জেআইসিতে বন্দি অবস্থায় তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল: আমিনুল ইসলাম

ওয়ান ইলেভেন সরকারের শাসনামলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের জেআইসি সেল, যা ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত, সেই গোপন বন্দিশালা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করেছিল এবং অসৎ উদ্দেশ্যে এই টর্চার সেল তৈরি করা হয়েছিল। সেখানে ভিন্নমতের অনেক ব্যক্তিকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আটকে রাখা হতো।

আমিনুল ইসলাম আরও বলেন, এসব টর্চার সেলের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের মুখোমুখি করা হবে। তিনি অভিযোগ করেন যে, গত ৫ আগস্টের পর জেআইসি সেলের বহু আলামত নষ্ট করা হয়েছে, বিভিন্ন জায়গায় দেয়াল তুলে তথ্য-প্রমাণ গোপন করার চেষ্টা করা হয়েছে।

বিচারিক কাজের অংশ হিসেবে এই পরিদর্শনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে ঘটনাস্থলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া জরুরি। যেকোনো বিচারকের ঘটনাস্থল পরিদর্শনের আইনগত বৈধতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘১/১১-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor