
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় শুক্রবার ভোর ৫টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫) এবং রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৭০)। দুর্ঘটনায় আহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও স্বজনদের ভাষ্যমতে, ভোরে মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে বহুতি বটতলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার প্রাণ হারান।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নিহতদের লাশ নিয়ে বাড়ি ফিরে যান। মৃত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আশিকের মৃতদেহ শনাক্ত করেন এবং পরে বাড়িতে নিয়ে যান।
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮: ৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮: ৪৯
আপনার মতামত লিখুন :