
সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিন বছর মেয়াদে তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকে মো. আবদুর রহমান খানের এই নিয়োগের মেয়াদ কার্যকর হবে। তবে এই নিয়োগের ক্ষেত্রে কিছু শর্তারোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, তার ভোগকৃত অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের জুনে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ পূর্ণ হওয়ার পর তিনি ওই পদ থেকে অবসরে যান। পেশাগত জীবনে তিনি বিসিএস (কর) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা।
শিক্ষাজীবনে আবদুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত ডিগ্রি নিয়ে এফসিএমএ সনদ লাভ করেন।
আপনার মতামত লিখুন :