Facebook Twitter Instagram YouTube

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ / ০
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার

হলিউড তারকা টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’ বাণিজ্যিক সাফল্যের দিক থেকে বড় ধরনের ধাক্কা খেয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি মাত্র ৮ মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হবে। গত ১৯ বছরে টম ক্রুজের কোনো সিনেমার জন্য এটিই হবে সবচেয়ে দুর্বল ওপেনিং। এর আগে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লায়ন্স ফর ল্যাম্বস’ প্রথম সপ্তাহান্তে ৬.৭ মিলিয়ন ডলার আয় করেছিল, যা ছিল অভিনেতার ক্যারিয়ারের অন্যতম সর্বনিম্ন সূচনা। তবে সেই সিনেমার বাজেট ছিল মাত্র ৩৫ মিলিয়ন ডলার, বিপরীতে ‘ডিগার’র নির্মাণ ব্যয় প্রায় ১২৫ মিলিয়ন ডলার।

ওয়ার্নার ব্রাদার্সের হিসাব মতে, সিনেমাটির নির্মাণ এবং অন্যান্য খরচ পুষিয়ে নিতে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয়ের প্রয়োজন। বর্তমান বক্স অফিস পরিস্থিতি বিবেচনায় এই লক্ষ্যে পৌঁছানো বেশ কঠিন। একই সময়ে মুক্তি পাওয়া অ্যান হ্যাথাওয়ের ‘ভেরিটি’র তুলনায় ‘ডিগার’ আয়ের দিক থেকে চার গুণেরও বেশি পিছিয়ে আছে। ‘ভেরিটি’ সপ্তাহান্তে প্রায় ৩৩ মিলিয়ন ডলার আয় করেছে, যেখানে ‘ডিগার’ প্রথম দিনে আয় করেছে মাত্র ৩.৪ মিলিয়ন ডলার। এমনকি বড় তারকা বা বড় বাজেট না থাকা পুরোনো সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’র কাছেও পিছিয়ে পড়েছে এটি।

ভারতের বাজারেও সিনেমাটির অবস্থা শোচনীয়। প্রথম দিনে ভারতে ‘ডিগার’র নেট আয় হয়েছে মাত্র ৬৫ লাখ রুপি, অথচ টম ক্রুজের আগের সিনেমা ভারতে মুক্তির প্রথম দিনেই প্রায় ১৯ কোটি রুপি আয় করেছিল। আন্তর্জাতিক বাজারের এই দুর্বল সূচনা সিনেমাটির সামগ্রিক ফলাফল নিয়ে বড় উদ্বেগের সৃষ্টি করেছে।

আলেহান্দ্রো ইনিয়ারিতু পরিচালিত এই ডার্ক কমেডি ও ব্যঙ্গাত্মক সিনেমাটিতে টম ক্রুজের পাশাপাশি জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার ও রিজ আহমেদ অভিনয় করেছেন। মুক্তির আগেই নেতিবাচক সমালোচনার মুখে পড়া সিনেমাটিকে অনেক সমালোচক ‘ব্যর্থ প্রয়াস’ বা ‘মিসফায়ার’ হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও টম ক্রুজের অভিনয় প্রশংসা পেয়েছে, তবুও নেতিবাচক প্রচারণার কারণে দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে অনাগ্রহ তৈরি হয়েছে, যা এর বাণিজ্যিক সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin