Facebook Twitter Instagram YouTube

টঙ্গী ইজতেমার সংকট নিরসন ও বিচারের দাবিতে শনিবার ওলামা-মাশায়েখ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ /
টঙ্গী ইজতেমার সংকট নিরসন ও বিচারের দাবিতে শনিবার ওলামা-মাশায়েখ সম্মেলন

টঙ্গী ইজতেমা ময়দানের হত্যাকাণ্ড ও বিশ্ব ইজতেমার নানা সংকট নিরসনের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ সম্মেলন’। আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষস্থানীয় ও বর্ষীয়ান আলেমরা একই মঞ্চে সমবেত হবেন।

শুরাঈ নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকরা জানিয়েছেন, জাতীয় পর্যায়ে ইসলামি মূল্যবোধ রক্ষা করা এবং টঙ্গী ইজতেমা ময়দানে ঘটে যাওয়া সহিংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ করে ২০১৮ সালের ১ ডিসেম্বর এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে এ সম্মেলন থেকে।

এই সম্মেলনে দেশের প্রথম সারির বহু বিশিষ্ট আলেম উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এছাড়া আরও উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশিষ্ট আলেম মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবীব, চট্টগ্রামের আলেম মাওলানা সালাউদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি জসিম উদ্দিন ও মুফতি কেফায়েতুল্লাহসহ দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখরা। বিশ্ব ইজতেমার সংকট সমাধানে আলেমদের অভিন্ন অবস্থান তুলে ধরাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য বলে আয়োজক সূত্রে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh