
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের নতুনভাবে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি আকস্মিকভাবে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান এবং সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান করেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়টিতে পৌঁছান ইউএনও। পরিদর্শনের এক পর্যায়ে তিনি অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং বাংলা বিষয়ে পাঠদান শুরু করেন। প্রায় ২০ মিনিটের ওই ক্লাসে তিনি পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় অত্যন্ত সহজ ও প্রাণবন্তভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাঠদান শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্বপ্ন, পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, সাফল্যের মূল চাবিকাঠি হলো নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেখে শিক্ষার্থীরা দারুণভাবে উৎসাহিত হয়েছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন সৌর জানায়, স্যার-ম্যাডামদের বাইরে ইউএনও ম্যাডাম ক্লাস নেবেন, তা তাদের কাছে অভাবনীয় ছিল এবং তিনি বিষয়টি খুব সহজ করে বুঝিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার এমন সরাসরি সম্পৃক্ততা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে। স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, যা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে বলে তাদের অভিমত।
ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, প্রতিটি শিক্ষার্থী যাতে মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা পায় সেটিই তাদের লক্ষ্য। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :