Facebook Twitter Instagram YouTube

ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধের পরিকল্পনা


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ /
ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধের পরিকল্পনা

ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, অন্যের পোস্টে মন্তব্য করা বা প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশটির সরকার ইতিমধ্যে এ বিষয়ে একটি খসড়া ডিক্রি তৈরি করেছে, যা বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচনা করেছে।

প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট অবশ্যই তাদের বাবা-মা বা আইনগত অভিভাবকের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এর ফলে অভিভাবকরাই সন্তানের দেখা কনটেন্ট এবং প্ল্যাটফর্মে কাটানো সময়ের তদারকি করতে পারবেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ব্যবস্থা ব্যবহার করে শিশু ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে এবং তাদের জন্য বয়স উপযোগী কনটেন্ট প্রদর্শন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নতুন বিধিমালা নিয়ে আয়োজিত এক বৈঠকে ভিয়েতনামের উপ-সংস্কৃতিমন্ত্রী ফান তাম জানান, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা তাদের মূল লক্ষ্য নয়। বরং তারা যখন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করবে, তখন যেন বয়স উপযোগী পরিবেশে থাকে এবং অনুপযুক্ত ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে, সেটি নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য।

খসড়া ডিক্রিতে শিশুদের অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ গোপনীয়তা সুরক্ষা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সহিংসতা, পর্নোগ্রাফি, জুয়া, মাদক, আত্মহত্যা এবং অন্যান্য ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করে সতর্কবার্তা দেওয়া ও সেসব কনটেন্টে প্রবেশাধিকার বন্ধ করার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মানসিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটেই ভিয়েতনাম এই উদ্যোগ নিয়েছে। এর আগে গত মঙ্গলবার ফ্রান্সের আইনপ্রণেতারা ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার আইন অনুমোদন করেছেন। অস্ট্রেলিয়া ইতিমধ্যে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা প্রথম দেশ হয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নেয়ার পথে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেমিং নিয়েও নতুন বিধিনিষেধের প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী, গেম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট অভিভাবকের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং একই প্রতিষ্ঠানের গেমে প্রতিদিন সর্বোচ্চ ৬০ মিনিট খেলার সুযোগ থাকবে। তবে এই খসড়া ডিক্রিটি এখনো চূড়ান্ত হয়নি এবং অনুমোদনের আগে এতে পরিবর্তন আসতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin