Facebook Twitter Instagram YouTube

পছন্দের শাড়ি না পাওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ /
পছন্দের শাড়ি না পাওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পছন্দের শাড়ি কিনে না দেওয়ার জেরে স্বামীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ৩০ বছর বয়সি সুনীতাদেবী হরে রাম সিংকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম হরে রাম কিশুনজি সিং (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বদলাপুর ইস্ট এলাকায় নিজেদের বাড়িতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওইদিন শাড়ি কিনে না আনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুনীতাদেবী ক্ষুব্ধ হয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনার পর সুনীতাদেবী বিষয়টিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। শুরুতে স্ত্রী সুনীতাদেবীর বক্তব্যের ওপর ভিত্তি করে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল। তবে সরকারি হাসপাতালের চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদন ঘটনাটিকে ভিন্ন মোড় দেয়। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।

পরবর্তীতে নিহতের পরিবার ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশের সন্দেহ স্ত্রীর ওপর গভীর হয়। বদলাপুর ইস্ট থানার সিনিয়র ইন্সপেক্টর নিতিন পাতিল জানান, বিহারের রোহতাস জেলার বাসিন্দা সুনীতাদেবীকে মঙ্গলবার (২১ জুলাই) গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor