Facebook Twitter Instagram YouTube

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ /
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের স্বাবলম্বী ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির কল্যাণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে দেশের নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফল ও দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান সুসংহত করতে এবং মাথা উঁচু করে দাঁড়ানোর সামর্থ্য অর্জন করতে পেরেছে। এই দিকনির্দেশনামূলক নেতৃত্বের ওপর ভিত্তি করেই দেশের পররাষ্ট্রনীতিকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোর কার্যক্রম এবং শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, নতুন শ্রমবাজার অনুসন্ধান, শ্রমিক রপ্তানি বৃদ্ধি কিংবা বাণিজ্য বিনিময়ে সফল মিশনগুলোর জন্য কোনো বিশেষ পুরস্কার বা রিওয়ার্ড ব্যবস্থা চালু করা যায় কি না, তা পর্যালোচনা করছে সরকার। তিনি জানান, বিগত ১৫ বছরের দুঃশাসনে কূটনৈতিক মিশনগুলো কার্যত সরকারের নিয়ন্ত্রণে ছিল না এবং প্রবাসীদের সেবা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় কোনো কার্যকর তদারকি দৃশ্যমান ছিল না। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সেই স্থবিরতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

প্রতিটি দূতাবাসের কাজের মান মূল্যায়নের জন্য সরকার ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর’ বা কেপিআই ব্যবস্থা প্রস্তুত করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এই মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতে দূতাবাসগুলোর কাজের মান ও গ্রেডিং নির্ধারণ করা হবে। পররাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্যদের আশ্বস্ত করে বলেন, আগামী জাতীয় বাজেট পেশের সময় প্রতিটি দূতাবাসের সাফল্য, ব্যর্থতা ও কাজের হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে সংসদে উপস্থাপন করা হবে, কারণ এসব তথ্য জানার অধিকার সংসদ সদস্যদের রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy