Facebook Twitter Instagram YouTube

রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪, মামলা হয়নি


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ /
রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪, মামলা হয়নি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা সাগরপাড় বাজারে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংঘর্ষে জড়িয়ে পড়া দুই পক্ষের একটির নেতৃত্বে ছিলেন চরআন্ডা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস খান। তার পক্ষের আহত ৮ জনকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন একই ওয়ার্ডের যুবদলের বহিষ্কৃত সভাপতি কামাল শিকদার। তার পক্ষের ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং বাকি ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের কারণ নিয়ে দুই পক্ষ ভিন্ন ভিন্ন দাবি করেছে। কামাল শিকদারের অভিযোগ, চরআন্ডার একটি চরের প্রায় ২০০ একর খাস জমিতে ইদ্রিস খানের নেতৃত্বে ধান চাষ এবং সেখানে গবাদিপশু চরাতে বাধা, মারধর ও হুমকি-ধমকির প্রতিবাদ করায় এই সংঘাতের সূত্রপাত হয়। অন্যদিকে, ইদ্রিস খানের দাবি, তার এক আত্মীয় কিশোরীকে কামাল শিকদারের ভাইয়ের ছেলে সিয়াম শিকদার উত্ত্যক্ত করায় এবং তুলে নেওয়ার চেষ্টা করায় এই বিরোধ সৃষ্টি হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, তিনি পুরো বিষয়টি অবগত আছেন। কোনো পক্ষই এখনো অভিযোগ বা মামলা করেনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin