Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুললো মার্কিন যুক্তরাষ্ট্র


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ / ০ Views
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুললো মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদানের ওপর আরোপিত স্থগিতাদেশটি পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশটি আর কার্যকর নেই।

এর আগে, ট্রাম্প প্রশাসনের নেওয়া ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতিটি যুক্তরাষ্ট্রের একটি আদালত বাতিল ঘোষণা করে। ‘ক্লিনিক বনাম রুবিও’ নামে পরিচিত এই মামলার রায়ে আদালত জানায় যে, এই নীতি গ্রহণের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার এখতিয়ারের সীমা অতিক্রম করেছিলেন।

উল্লেখ্য যে, চলতি বছরের ১৪ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছিল। সে সময় তাদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, এসব দেশের আবেদনকারীদের ‘যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার উচ্চ ঝুঁকি’ রয়েছে এবং তারা দেশটির স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পদের ওপর বোঝা হয়ে দাঁড়াতে পারেন।

গত ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ক্লিনিক বনাম রুবিও মামলার আদালতের আদেশ অনুযায়ী ২০২৬ সালের ২১ আগস্ট থেকে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশটি আর কার্যকর নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, গ্রিনকার্ড বা ইমিগ্রান্ট ভিসাধারী অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং আমেরিকানদের ওপর আর্থিক বোঝা হওয়া চলবে না। ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন, তা নিশ্চিত করতে পররাষ্ট্র দপ্তর তাদের প্রাথমিক যাচাইকরণ ও পরীক্ষা-নিরীক্ষার নীতিমালাগুলো পুনর্মূল্যায়ন করছে।

ভারতের ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্থগিতাদেশ চলাকালীন সময়েও এই ৭৫টি দেশের আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়ার এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও সেই সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণের কাজ অব্যাহত রেখেছিল। বর্তমানে স্থগিতাদেশ উঠে যাওয়ায়, আবেদনকারীরা এখন প্রচলিত নিয়ম মেনে তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin