Facebook Twitter Instagram YouTube

বাগেরহাটে নিখোঁজের পর ছয় বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ / ০
বাগেরহাটে নিখোঁজের পর ছয় বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুসলিমা নামে ছয় বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুসলিমা ওই উপজেলার কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মুসলিমা বাড়ির আশেপাশে অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজখবর শুরু করলে সন্ধ্যার দিকে শেখ জাহাঙ্গীরের পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তা দেখতে পান। সন্দেহ হওয়ায় বস্তাটি খুলে শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ বা কারা এর সাথে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পানের বরজের মালিক শেখ জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তার দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখকে (১৯) আটক করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy