Facebook Twitter Instagram YouTube

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ গ্রাহকের ১০ কোটি টাকা লোপাট


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ / ০
শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ গ্রাহকের ১০ কোটি টাকা লোপাট

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩১। মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের এক ক্যাশ অফিসারের বিরুদ্ধে শতাধিক গ্রাহকের অর্থ লোপাটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। রোববার বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১১৩ জন গ্রাহক তাদের জমানো টাকা খোয়ানোর সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত শতাধিক হিসাব যাচাই করে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। তবে সব হিসাবের পূর্ণাঙ্গ যাচাই শেষ না হওয়া পর্যন্ত লোপাট হওয়া অর্থের প্রকৃত পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার দুপুরে, যখন অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় আমানত লোপাটের খবর ছড়িয়ে পড়ে। ওই সময় ১৪টি হিসাব থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা গায়েব হওয়ার বিষয়টি সামনে আসে। এরপর থেকে ব্যাংকটির প্রায় ১০ হাজার গ্রাহকের মধ্যে, বিশেষ করে প্রবাসী ও নারী গ্রাহকদের মাঝে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এদিকে, ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ ঘটনার অন্তত দুই দিন আগে থেকেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

রোববার সকাল থেকেই শ্রীনগর প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটির শাখার সামনে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নিজেদের হিসাব যাচাই করতে এসে অনেক গ্রাহক দেখেন যে, তাদের হিসাবে জমানো লাখ লাখ টাকা নেই। এ সময় অনেকের মধ্যে কান্নাকাটি ও আহাজারির পরিবেশ সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত গ্রাহকরা প্লাজার গেটের কাচ ভাঙচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে।

অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার ডিজিএম মিজানুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত শরীফুজ্জামান সোহাগের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া শরীফুজ্জামান এবং অপর ক্যাশিয়ার মো. জিন্নাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার বিষয়ে ডিজিএম মিজানুর রহমান বলেন, ব্যাংকের অডিট টিম বর্তমানে কাজ করছে। পাশাপাশি তদন্ত কমিটি অভিযোগগুলো যাচাই-বাছাই করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে গ্রাহকদের অর্থ ফেরতের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং কোনো গ্রাহকের হিসাবে অসংগতি ধরা পড়লে তিনি ভবিষ্যতে অভিযোগ জানাতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh