Facebook Twitter Instagram YouTube

সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ / ০
সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয়ের জগত থেকে দূরে থাকার পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গুরুতর অসুস্থতার কারণে এতদিন তাকে শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শনিবার ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান পরিস্থিতি ও কাজে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

লাইভে ভক্তদের সাথে কথা বলার সময় তানিয়া বৃষ্টি জানান, তার চিকিৎসা কার্যক্রম এখনো চলমান রয়েছে। তিনি বলেন, 'এখন আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবেন পরবর্তী চিকিৎসা কী হবে।'

অসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, 'আমি আসলে এই জন্য নয় মাসের মতো শুটিং করিনি, কারণ আমি অসুস্থ ছিলাম। এখনো আছি, তবে তখন পরিস্থিতি একটু বেশি খারাপ ছিল। এখন অনেকটা ভালো আছি।' শারীরিক ধকল কাটিয়ে এই মাস থেকেই শুটিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যদিও নতুন কাজের বিষয়ে আলোচনা শুরু হয়েছে, তবে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি।

ভক্তদের সমর্থনের বিষয়ে তানিয়া বলেন, 'যারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট দেন এবং আমার জন্য অপেক্ষা করেন—তাদের চাওয়ার কারণেই আমি ফিরতে চাই। যদি এত মানুষ চান, তবে আমি অবশ্যই করব।' কঠিন সময়ে পাশে থাকার জন্য লাইভের শেষভাগে তিনি দর্শক ও ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, বর্তমানে তানিয়া বৃষ্টির হাতে রায়হান খানের পরিচালনায় 'ট্রাইব্যুনাল' নামের একটি সিনেমার কাজ রয়েছে। এই চলচ্চিত্রে তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, আদর আজাদ ও শাহেদ আলীসহ আরও অনেকেই অভিনয় করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh