Facebook Twitter Instagram YouTube

সিআইএ’র সতর্কবার্তা: গৃহযুদ্ধ ও পতনের দ্বারপ্রান্তে ইসরাইল


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ / ০
সিআইএ’র সতর্কবার্তা: গৃহযুদ্ধ ও পতনের দ্বারপ্রান্তে ইসরাইল

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এক চাঞ্চল্যকর সতর্কবার্তায় জানিয়েছে যে ইসরাইল বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সংস্থাটি আশঙ্কা করছে, দেশটি মারাত্মক গৃহযুদ্ধ অথবা সরাসরি রাষ্ট্রীয় পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। সিআইএ’র একটি শীর্ষ গোপন পর্যালোচনার ভিত্তিতে মার্কিন অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘ড্রপ সাইট নিউজ’ এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

সিআইএ’র বিশেষ ইউনিট ‘রেড সেল’, যা প্রাতিষ্ঠানিক চিন্তাভাবনার বাইরে গিয়ে বিকল্প ও দূরদর্শী মূল্যায়ন তৈরি করে, গত আগস্টে ‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ (ভেতর থেকেই ভাঙন) শিরোনামে এই গোপন প্রতিবেদনটি প্রস্তুত করে। গোয়েন্দা বিশেষজ্ঞরা এই নথিতে উল্লেখ করেছেন যে, আগামী ২৭শে অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ইসরাইলে বহুমুখী সংকটের এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিস্থিতি দিনকে দিন আরও অবনতি হচ্ছে।

প্রতিবেদনে ইসরাইলের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হিসেবে যুদ্ধফেরত লাখ লাখ সশস্ত্র ও মানসিক ট্রমাগ্রস্ত সেনাসদস্যদের বেসামরিক জীবনে মানিয়ে নেওয়ার সংকটকে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিনের লড়াই শেষে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত এবং আধুনিক মারণাস্ত্রে সজ্জিত এই সেনারা সমাজে মারাত্মক অস্থিরতা তৈরি করতে পারেন বলে সতর্ক করা হয়েছে। একজন গোয়েন্দা কর্মকর্তা এই পরিস্থিতিকে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানির রক্তপিপাসু ও মানসিকভাবে বিপর্যস্ত সশস্ত্র সেনাদের ‘ফ্রাইকর্পস’ বাহিনীর সঙ্গে তুলনা করেছেন।

ইসরাইলি সমাজে বর্তমানে সামরিক বাহিনীতে নিয়োগের বৈষম্য নিয়ে গভীর ফাটল দেখা দিয়েছে। ঐতিহাসিকভাবে কট্টর অর্থোডক্স ইহুদিরা (হারেদি) ধর্মীয় তোরাহ পাঠের কারণে বাধ্যতামূলক সেনা দায়িত্ব থেকে সম্পূর্ণ ছাড় পেয়ে আসছেন। তবে বছরের পর বছর যুদ্ধের কারণে লাখ লাখ সাধারণ রিজার্ভিস্ট যখন নিজ পরিবার ও কাজ ছেড়ে বারবার ফ্রন্টলাইনে যেতে বাধ্য হচ্ছেন, তখন অর্থোডক্সদের এই ছাড় নিয়ে সাধারণ নাগরিকদের ক্ষোভ চরমে পৌঁছেছে।

যুদ্ধের প্রভাবে ইসরাইলে জীবনযাত্রার ব্যয়ও আকাশ ছুঁয়েছে। বিগত দুই বছরে শুধু খাদ্যপণ্যের দাম বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ। এছাড়া, ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মরিয়া লড়াই ইসরাইলকে গভীর সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। আসন্ন নির্বাচনে নেতানিয়াহু বা তার বিরোধী পক্ষ— কারোরই একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে ৬১টি আসন পাওয়ার নিশ্চয়তা নেই। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতাও দেশজুড়ে বিশৃঙ্খলা বাড়াচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনেও ইসরাইল ক্রমশ ‘একঘরে রাষ্ট্রে’ পরিণত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের সবচেয়ে বড় মিত্র খোদ যুক্তরাষ্ট্রেও ইসরাইলের প্রতি সমর্থন আশঙ্কাজনকভাবে কমেছে। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ৬০ শতাংশ মার্কিন নাগরিক এখন ইসরাইলকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন। বিদেশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর ইসরাইল থেকে বিনিয়োগ প্রত্যাহার, আঞ্চলিক দেশগুলোর সম্পর্ক পুনর্বিবেচনা এবং চলমান রাজনৈতিক ভাঙনের ফলে যেকোনো একটি সামান্য স্ফুলিঙ্গ দেশটিকে প্রকাশ্য সংঘাতে ঠেলে দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin