Facebook Twitter Instagram YouTube

ধীরগতির বোলিংয়ে জরিমানার মুখে বাংলাদেশ ক্রিকেট দল


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ / ০
ধীরগতির বোলিংয়ে জরিমানার মুখে বাংলাদেশ ক্রিকেট দল

সংযুক্ত আরব আমিরাতে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শুরুটা কোনোভাবেই ভালো হয়নি বাংলাদেশের জন্য। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর এবার দলটিকে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করার অপরাধে বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (১৯ অক্টোবর) আইসিসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবুধাবিতে গত শনিবার অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী ম্যাচে এই স্লো ওভার-রেটের ঘটনাটি ঘটে। নির্ধারিত সময়ের মধ্যে দলটি এক ওভার পিছিয়ে ছিল। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট বাংলাদেশের ওপর এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেন।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় এই অপরাধের বিষয়টি স্বীকার করে নেওয়ায় আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din