
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে মা ও মেয়ে নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে, উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাটের জামালগঞ্জ এলাকার নজিবুর রহমানের স্ত্রী রোজি আক্তার (৬০) এবং তার মেয়ে নাজমা খাতুন (৪২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি বৈদ্যুতিক পোলে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে থাকা মোট ছয়জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :