
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর ছবি, ভিডিও ও অশালীন বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব দেওয়া এবং তার শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১০ জুলাই) রাত ৯টার দিকে নওগাঁ শহরের ছোট যমুনা নদীর লর্ড লিটন সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আপন বাদশা সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। এরপর শনিবার (১১ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত আপন বাদশা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে ভুক্তভোগী ওই নারীকে বিভিন্ন আপত্তিকর ছবি, ভিডিও ও কু-প্রস্তাব পাঠিয়ে মানসিকভাবে হেনস্তা করে আসছিলেন। এর পাশাপাশি তিনি ভুক্তভোগীর ১০ বছর বয়সী শিশুকন্যাকে রাস্তাঘাটে বিভিন্ন সময় যৌন নিপীড়ন করতেন।
ঘটনার সূত্রপাত ঘটে গত ২১ জুন দুপুরে। ওইদিন ভুক্তভোগী নারী স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার রেলগেট এলাকায় বাদশার মুখোমুখি হন। সেখানে তিনি এসব আপত্তিকর আচরণ ও মেয়ের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদ করলে বাদশা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বাদশা পেছন থেকে তাকে মারধর করেন এবং লোহার অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে ওই নারী মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মারধরের পর ভুক্তভোগী নারীর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে বাদশা পালিয়ে যান। স্থানীয়রা পরবর্তীতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ থেকে বাদশাকে গ্রেফতার করে পুলিশ। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :