
ইসলাম ধর্মে লজ্জাশীলতা বা 'হায়া' অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, যাকে সরাসরি ঈমানের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, 'লজ্জা ঈমানের অঙ্গ।' (মুসলিম : ৫১)। আরবি 'হায়া' শব্দের অর্থ লজ্জা, সংকোচ বোধ কিংবা ইতস্তত বোধ করা। সহজ ভাষায় লজ্জা হলো এক ধরণের মানবিক অনুভূতি, যা একজন মানুষকে অসৎ ও কুরুচিপূর্ণ কাজ থেকে নিবৃত্ত রাখে এবং লোকচক্ষুর সামনে সম্মানহানির ভয় সৃষ্টি করে।
ইসলামী জীবনবিধানে লজ্জা প্রধানত দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো প্রকৃতিগত বা স্বভাবগত লজ্জা, যা মহান আল্লাহ জন্মগতভাবেই মানুষের স্বভাবের মধ্যে দান করেন। যেমন উলঙ্গ হওয়ার ক্ষেত্রে লজ্জাবোধ করা। দ্বিতীয়টি হলো অর্জিত লজ্জা, যা আল্লাহ তায়ালার ওপর ঈমান আনার পর এবং দ্বীনের আদব, আখলাক ও শিষ্টাচার সংক্রান্ত জ্ঞান অর্জনের মাধ্যমে মানসপটে গড়ে ওঠে। এই অর্জিত লজ্জাই মূলত সর্বোত্তম লজ্জা, যা মানুষকে সব ধরনের পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।
মানবজীবনে লজ্জার প্রয়োজনীয়তা অসীম। এই নৈতিক গুণটির কারণেই একজন মানুষ প্রকৃত অর্থে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'প্রতিটি দ্বীনেরই একটা চরিত্র রয়েছে, আর ইসলামের মূল চরিত্র হলো লজ্জাশীলতা।' (ইবনে মাজাহ : ৪১৮১)। ব্যক্তির মধ্যে লজ্জানুভূতি যত সুদৃঢ় হয়, তার ঈমানের শক্তিও তত বৃদ্ধি পায়। লজ্জা মানুষের জন্য সর্বদা মঙ্গল বয়ে আনে। এ প্রসঙ্গে মহানবী (সা.) বলেছেন, 'লাজুকতা শুধু কল্যাণই বয়ে আনে।' (বোখারি : ৬১১৭)।
অন্যদিকে লজ্জাহীনতাকে দুর্বল ঈমানের বহিপ্রকাশ হিসেবে গণ্য করা হয়। কোনো মানুষের মধ্য থেকে লজ্জাবোধ কমে গেলে তার ঈমানী জোরও হ্রাস পায়। ফলে তার ভালো-মন্দের বাছবিচার থাকে না এবং কোনো সংকোচ ছাড়াই সে যেকোনো অন্যায়ে লিপ্ত হতে থাকে। এ ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, 'যখন তুমি নির্লজ্জ হয়ে পড়বে, তখন যা ইচ্ছা তাই করো।' (বোখারি : ৬১২০)।
লজ্জাশীলতা মানুষকে আত্মশুদ্ধির পথ দেখায় এবং অন্যায় কাজ থেকে দূরে রেখে জান্নাতের পথ সুগম করে। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'লজ্জা ঈমানের অঙ্গ, আর ঈমানদারদের স্থান জান্নাত। অন্যদিকে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ, আর দুশ্চরিত্রের স্থান জাহান্নাম।' (তিরমিজি : ২০০৯)। পাশাপাশি কথা ও আচরণের সংযমের ওপর গুরুত্ব দিয়ে মহানবী (সা.) আরও ইরশাদ করেছেন, 'লজ্জা ও অল্প কথা বলা ঈমানের দুটি শাখা। আর অশ্লীলতা ও অতিরিক্ত কথা মুনাফিকির দুটি শাখা।' (তিরমিজি : ২০২৭)।
আপনার মতামত লিখুন :