Facebook Twitter Instagram YouTube

দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ /
দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানিয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্যতালিকা সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্যমতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারে স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে এর সাথে মজুরি যুক্ত হবে এবং স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে হিসাব করা হবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১০ জুলাই বাজুস প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৫ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এছাড়া ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।