
মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও সম্ভাব্য নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ আজই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যথাযথ ছিল কি না এবং কেন ব্যয় ১৩ কোটি টাকা থেকে বেড়ে ২১ কোটিতে পৌঁছাল, তা তদন্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সোমবারই নির্দেশ দেওয়া হবে। প্রয়োজনে এই তদন্ত প্রক্রিয়ায় সরকারের অন্যান্য সংস্থাও সম্পৃক্ত হতে পারে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ধর্মমন্ত্রীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মডেল মসজিদ নির্মাণ একটি ভালো উদ্যোগ হলেও এর সঙ্গে জড়িত অনিয়মের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রতিটি প্রকল্পে কত অর্থ ব্যয় হয়েছে এবং কতটি মসজিদ নির্মাণ করা হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে।
এর আগে জয়নুল আবদিন ফারুক সংসদে অভিযোগ করেন যে, মডেল মসজিদ নির্মাণে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। একই সঙ্গে অনেক মসজিদে নির্মাণগত ত্রুটির কারণে ছাদ চুঁইয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দিয়েছে। তিনি অবিলম্বে এই অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার নির্বাচনী এলাকায় নির্মিত একটি মডেল মসজিদের নির্মাণগত ত্রুটির বিষয়টি সংসদে তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার জবাবে আরও উল্লেখ করেন যে, অতীতে বিভিন্ন মেগা প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের যেসব অভিযোগ রয়েছে, তা বিবেচনায় নিয়ে বর্তমান মডেল মসজিদ প্রকল্পের প্রতিটি বিষয় স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হবে।
আপনার মতামত লিখুন :