Facebook Twitter Instagram YouTube

ইরাকে বিদেশি নাগরিকদের ভিসা জরিমানায় ৭৫% ছাড়


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ / ০ Views
ইরাকে বিদেশি নাগরিকদের ভিসা জরিমানায় ৭৫% ছাড়

ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ উত্তীর্ণ বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যে জরিমানা ধার্য হয়, তা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

বুধবার বাগদাদের বাংলাদেশ দূতাবাস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, এই আদেশ অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক বৈধভাবে ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন কিন্তু কোনো কারণে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেননি অথবা সেগুলোকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, এবং যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।

দূতাবাস আরও জানায়, উল্লিখিত বিদেশি নাগরিকদের ২০১১ সালের নির্দেশনা অনুযায়ী মোট বকেয়া জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। এই ছাড় পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh