
রাঙামাটির সাজেক এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় সুমন্তি চাকমা নামে এক অন্তঃসত্ত্বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তি চাকমা (৩০) বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। শনিবার সকালে সন্তান প্রসবের জন্য তিনি সিএনজি চালিত অটোরিকশাযোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে চাম্পাতলী এলাকায় পৌঁছালে বিজিবির ডাম্পার গাড়িটি তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির ডাম্পার গাড়ির ধাক্কায় এক শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :