Facebook Twitter Instagram YouTube

পটিয়ায় অপহৃত শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ /
পটিয়ায় অপহৃত শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার গোবিন্দার খীল এলাকার পূর্বপাড়া গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফাকে আটক করেছে। তারা সবাই একই পরিবারের সদস্য। আশ্চর্যজনকভাবে, আটককৃতদের বসতঘরের পেছন থেকেই নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল তিনটার দিকে শাহজাহানের শোবার ঘরের বিছানায় একটি হাতে লেখা মুক্তিপণের চিঠি পাওয়া যায়। চিঠিতে দাবি করা হয়, শিশুটি অপহরণকারীদের জিম্মায় রয়েছে এবং তাকে ফেরত পেতে হলে আধা ঘণ্টার মধ্যে ৩ লাখ টাকা ও পরিবারের যেকোনো সদস্যের মোবাইল আনলক করে একটি ব্যাগে ভরে বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিতে হবে।

স্বজনদের অভিযোগ, টাকার লোভে প্রতিবেশীরাই পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করেছিল। তাদের ধারণা, ধরা পড়ার ভয়ে অপহরণকারীরা শিশুটির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে এবং পরে মরদেহ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে দেয়। অথচ ঘটনার পর থেকে ওই প্রতিবেশীরাই শিশুটির পরিবারের সঙ্গে নাটকীয়ভাবে জায়হানকে খুঁজে বের করার অভিনয় করছিল।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ভোরে শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে এবং পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার গোবিন্দার খীল এলাকার পূর্বপাড়া গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din