Facebook Twitter Instagram YouTube

আবারও জাপানের নারিতায় উড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ / ০
আবারও জাপানের নারিতায় উড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর জাপানের রাজধানী টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটটি পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, পর্যটন এবং প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সোমবার (২৭ জুলাই) রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৭৬ ফ্লাইটটি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে তিনি বলেন, এই রুটটি যাতে ভবিষ্যতে আর কখনোই বন্ধ না হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এবার রুটটি লাভজনক হবে এবং উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। মন্ত্রী আরও বলেন, এই ফ্লাইট চালু হওয়া আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি উল্লেখ করেন যে, এই সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনা করেই ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। তিনি আরও বলেন, ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয় সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে। প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ঢাকা-নারিতা ফ্লাইট চালুর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যাত্রী সাধারণের জন্য এই রুটটি পুনরায় চালু করলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin