Facebook Twitter Instagram YouTube

নগর উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ / ০
নগর উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন

ব্যস্ত নগরী ঢাকায় আকাশচুম্বী অট্টালিকা ও অবকাঠামো নির্মাণের ক্রমবর্ধমান গতির সাথে তাল মিলিয়ে বিদ্যমান আইন ও বিধিমালাকে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানী উন্নয়ন ও ইমারত নির্মাণ-সংক্রান্ত আইন পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটির নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

কমিটির মূল লক্ষ্য হলো ঢাকা মহানগরের ইমারত বিধিমালার আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এজন্য কমিটি 'দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২' এবং 'দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩' পর্যালোচনা করবে। বিদ্যমান এই দুটি আইন যাচাই-বাছাইয়ের পর কমিটি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ প্রণয়ন করবে, যাতে রাজধানীতে ইমারত নির্মাণ সংক্রান্ত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং নিয়মিত সভা করবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই কমিটির সার্বিক সচিবালয় সহায়তা প্রদান করবে। কমিটির সুপারিশগুলো চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh