Facebook Twitter Instagram YouTube

কর্ণফুলীতে এস আলমের সব কারখানা বন্ধ, ছাঁটাই চার হাজার কর্মী


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ / ০
কর্ণফুলীতে এস আলমের সব কারখানা বন্ধ, ছাঁটাই চার হাজার কর্মী

তীব্র তারল্য সংকট ও নজিরবিহীন ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ তাদের চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সব কারখানা বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটির প্রায় চার হাজার কর্মকর্তা ও কর্মচারী ছাঁটাইয়ের মুখে পড়েছেন। গত শুক্রবার (৩১ জুলাই) থেকে কারখানাগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে।

কারখানা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) শ্রমিক ও কর্মকর্তাদের ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয় এবং ১ আগস্ট থেকে তা কার্যকর করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামালের তীব্র সংকট, নতুন করে লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে না পারা এবং ব্যাংক হিসাব জব্দ থাকার কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, কারখানার নোটিশ বোর্ডে ১ আগস্ট থেকে তালিকাভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ার খবরে শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কারখানার ডিজিএম রফিকুল ইসলাম জানান, উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকায় কর্তৃপক্ষ চাচ্ছে কর্মকর্তা-কর্মচারীরা যেন নিজ দায়িত্বে চলে যান।

শিল্পগোষ্ঠীটির এই সংকটের পেছনে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন বড় ভূমিকা রেখেছে। ওই পরিবর্তনের পর থেকেই এস আলম গ্রুপের ব্যবসা-বাণিজ্য ও সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোতে বড় ধরনের ধস নামে। ব্যাংকগুলো থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা না পাওয়া এবং মূলধন সংকটে এলসি খুলতে ব্যর্থ হওয়ার কারণে শেষ পর্যন্ত কারখানাগুলো গুটিয়ে নেওয়ার চরম সিদ্ধান্ত নিতে হয়েছে কর্তৃপক্ষকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh