Facebook Twitter Instagram YouTube

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর আহমেদ


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ /
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এর আগে গত ২৭ জুলাই আমিরাতের একটি আদালত শর্ত সাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করেছিলেন।

জামিনের ক্ষেত্রে আদালত বেশ কিছু শর্ত আরোপ করেছেন। এসব শর্তের মধ্যে রয়েছে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা এবং আদালতের অনুমতি ছাড়া তার আমিরাত ত্যাগ করার ওপর নিষেধাজ্ঞা।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছিল। গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় তার নাম ছিল। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি দেশ ছাড়েন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh