
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে, যা রাজনৈতিক দর্শনের বিচারে সঠিক সিদ্ধান্ত নয়। রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত 'জুলাই রক্তাক্ত: স্বরণ ও প্রত্যায়' শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তরুণ রাজনীতিবিদদের প্রগতিশীল ও অগ্রগামী চিন্তাধারার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের জন্য নতুন কিছু করার প্রত্যয় নিয়ে তরুণদের রাজনীতি করা উচিত। কিন্তু এনসিপি যে পথে হেঁটেছে, তা তাদের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী গুলি চালিয়ে ও রক্তগঙ্গা বইয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন। তিনি হেলিকপ্টার থেকে গুলি চালাতে দ্বিধা করেননি এবং জনগণের বীরত্বের ইতিহাসকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন।
জুলাই বিপ্লবকে ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করে রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম শেখ হাসিনাকে বিচ্যুত করতে পারেনি। প্রশাসনে দলীয় নিয়োগের বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের 'স্পয়েলস সিস্টেম'-এর উদাহরণ টেনে বলেন, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া একটি প্রচলিত প্রক্রিয়া। তবে তিনি ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় এলে বড় ধরনের দলীয়করণের আশঙ্কা প্রকাশ করেন। রাজনৈতিক ভাষা ও সংস্কৃতির বিষয়েও তিনি সতর্ক করেন এবং শেখ হাসিনার অপসংস্কৃতির প্রতিফলন যেন নতুন প্রজন্মের মধ্যে না ঘটে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন।
একই সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন নাসির ছাত্রশিবিরের সমালোচনা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও শহীদুল্লাহ হলে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে শিবিরের শীর্ষ নেতাদের বহিষ্কারের ঘটনা ঘটেছে। তিনি টিএসসিতে শিবিরের 'ফিমেল কর্নার' চালু করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন এবং নারী হেনস্তা ও সাইবার বুলিংয়ের নিন্দা জানান। তিনি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর অশালীন মন্তব্যেরও সমালোচনা করেন। এছাড়াও, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে তাকে হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন নাসির। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :