
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তবে তিনি স্বাচ্ছন্দ্যে দেশে ফিরতে এবং যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। তিনি দাবি করেন যে তিনি কোনো অন্যায় করেননি এবং দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজসহ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব আর বাংলাদেশে ফেরেননি। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়। সাকিব জানান, তিনি তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন, তবে কোনো সাড়া পাননি। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তিনি এ বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।
সাকিবের এই বক্তব্যের বিপরীতে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সাকিবকে নিয়ে সরকারের আগের নমনীয় অবস্থানের আর কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রী বলেন, একজন ক্রিকেটার হিসেবে অবস্থান ছেড়ে সাকিব পুরোপুরি রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন এবং স্বৈরশাসকের একই মঞ্চে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। আমিনুল হক আরও যোগ করেন, যদি সাকিব ফেরেনও, তবে তা কেবল আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :