Facebook Twitter Instagram YouTube

উন্নয়নের পথে প্রতিবন্ধকতাকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ /
উন্নয়নের পথে প্রতিবন্ধকতাকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে রুখে দিতে হবে। একইসঙ্গে জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়ন কাজে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন রাখেন যে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বাধা দেয়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখন দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, এখন সময় দেশ গড়ার এবং জাতির ভাগ্য গঠনের। এ লক্ষ্য অর্জনে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা শপথ করি, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে রুখে দিতে হবে। সরকারের উন্নয়ন দর্শনের মূল স্লোগান হলো—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

বিএনপির রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার মূল উৎস জনগণ। যেহেতু জনগণ বিএনপির পক্ষে সমর্থন দিয়েছে এবং ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, তাই সেই ৩১ দফা বাস্তবায়ন করাই এখন সরকারের পবিত্র দায়িত্ব। তিনি আরও বলেন, জনগণের দফা পূরণে বিএনপি সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin