Facebook Twitter Instagram YouTube

পটিয়ায় বৃদ্ধা ও নাতনিকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ /
পটিয়ায় বৃদ্ধা ও নাতনিকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৫। চট্টগ্রামের পটিয়ায় আশিউর্ধ্ব এক বৃদ্ধা এবং তার নাতনিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার গর্জনীয়া পাড়া এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। অভিযুক্ত ওই নেতার নাম আজীম উদ্দীন। তিনি হাইদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন বলে জানা গেছে।

আক্রান্তরা হলেন মছুদা বেগম (৮০) এবং তার নাতনি রুবি আকতার (৩৬)। ঘটনার পর ভুক্তভোগী রুবি আকতার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী রুবি আকতার জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০২৪ সালে তিনি আজীম উদ্দীনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছিলেন। সেই থেকে অভিযুক্ত আজীম উদ্দীন তাকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছেন। রুবি আকতারের অভিযোগ, বিএনপির পরিচয় ব্যবহার করে আজীম উদ্দীন এলাকায় প্রভাব বিস্তার করছেন, যার ফলে স্থানীয়রা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এই বিরোধের জের ধরেই সোমবার সকালে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন আজীম উদ্দীন। তিনি দাবি করেন, রুবি আকতারের কাছে মাটি ভরাট বাবদ তার কিছু টাকা পাওনা রয়েছে। সেই টাকা চাইতে গেলে রুবি আকতার তার পার্টনারসহ আরও একজনকে নিয়ে তাকে গালমন্দ করেন। আজীম উদ্দীনের ভাষ্যমতে, এক পর্যায়ে রুবি উত্তেজিত হয়ে পড়লে তাকে শান্ত করার চেষ্টার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং সেই ধস্তাধস্তির সময় বৃদ্ধা মছুদা বেগম আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছে। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh