Facebook Twitter Instagram YouTube

নির্লজ্জ দলীয়করণে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: শফিকুর রহমান


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ /
নির্লজ্জ দলীয়করণে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সরকার জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য থেকে সরে এসে বর্তমানে দেশে 'নির্লজ্জ দলীয়করণ' চালাচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের মূল উদ্দেশ্য ছিল একটি ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে সরকারি-বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, করপোরেশন ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য ও দেশপ্রেমিকদের সরিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি এই প্রক্রিয়াকে নতুন ধরনের কোটা হিসেবে অভিহিত করে বলেন, যোগ্য ও সৎ মানুষদের সরিয়ে অসৎ ও দুর্নীতিবাজদের বসিয়ে দুর্নীতিকে জাতীয়করণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা জীবন দিয়েছেন তারা শুধু এক দলের পরিবর্তে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য আত্মত্যাগ করেননি, বরং রাষ্ট্র ও ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলেন। ২০২৪ সালের আন্দোলনের সময় অনেক দল দূরত্ব বজায় রাখলেও জামায়াতে ইসলামী প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল, তবে দলটি আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি। বরং শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ৬ আগস্টের পর দেশে চাঁদাবাজি শুরু হলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করা হলেও অবস্থার কোনো পরিবর্তন আসেনি। শহীদ পরিবারের আত্মত্যাগের মানসিকতার উদাহরণ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অনেক পরিবার আর্থিক সহায়তার চেয়ে স্বপ্নের বাস্তবায়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। এক শহীদের বাবা তাদের দেওয়া আর্থিক সহায়তা ফিরিয়ে দিয়ে সেটি আরও অসচ্ছল শহীদ পরিবারের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছিলেন, যা রাষ্ট্র পরিচালনাকারীদের জন্য একটি শিক্ষা হওয়া উচিত।

তিনি স্পষ্ট করে বলেন, যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই প্রান্তিক ও শ্রমজীবী মানুষ, যাদের সরকারি চাকরির কোটা পাওয়ার কোনো স্বার্থ ছিল না। তিনি বলেন, তারা প্রতিশোধ নয়, বরং শহীদদের হত্যার বিচার চান এবং এই দাবি থেকে তারা কখনো সরে আসবেন না। সরকারকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়ভীতি বা লোভ দেখিয়ে তাদের মাথা নত করানো যাবে না। জুলাইয়ের চেতনা অন্তরে ধারণ করে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh