Facebook Twitter Instagram YouTube

পাকিস্তানের হাঙ্গু জেলায় নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ১১


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ /
পাকিস্তানের হাঙ্গু জেলায় নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় বুধবার রাতে এই হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। হাঙ্গু শহরের পুলিশপ্রধান তারিক হাবিব সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) রয়েছেন।

এই হামলায় আরও ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশ বাহিনীর পাল্টা অভিযানে ১৫ জন হামলাকারীও নিহত হয়েছে বলে প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরাই এই হামলার নেপথ্যে রয়েছে। পাকিস্তান সরকার এই গোষ্ঠীটিকে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে আখ্যায়িত করে থাকে। উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে নিরাপত্তা বাহিনী এবং সরকারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে টিটিপির সদস্যরা দীর্ঘদিন ধরেই হামলা চালিয়ে আসছে।

ঘটনার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৫: ৫৯আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৬: ০৩

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh