
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত জয় তুলে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নজর কাড়ে মিসর। ১৪তম মিনিটে শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার ক্রসে ইয়াসের ইব্রাহিম হেডে লক্ষ্যভেদ করলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে লিওনেল মেসি পেনাল্টি পেলেও মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেরের নৈপুণ্যে গোলবঞ্চিত হন। প্রথমার্ধে অ্যালিস্টার, আলভারেজ ও মেসির একাধিক আক্রমণ রুখে দিয়ে মিসরকে ১-০ ব্যবধানে এগিয়ে রাখেন মোস্তফা শোবের।
বিরতির পর ৫৭তম মিনিটে মিসরের একটি গোল ভিএআরের কারণে বাতিল হয়। তবে ৬৭তম মিনিটে মোহাম্মদ সালাহর গড়া আক্রমণ থেকে হাসিম হাসানের পাস পেয়ে মোস্তাফা জিকো ব্যবধান ২-০ করেন।
ম্যাচের শেষ ১৫ মিনিটে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৯তম মিনিটে মেসির নিখুঁত ক্রসে ক্রিস্টিয়ান রোমেরো হেডে গোল করে ব্যবধান কমান। এর ঠিক চার মিনিট পর বক্সের ভেতর থেকে জোরালো শটে সমতা ফেরান অধিনায়ক লিওনেল মেসি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এঞ্জো ফার্নান্দেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হুলিয়ান আলভারেজের আক্রমণ থেকে লাউতারো মার্তিনেজের বাড়ানো ক্রসে দুর্দান্ত হেডে জয়সূচক গোলটি করেন তিনি। এই নাটকীয় জয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।
আপনার মতামত লিখুন :