Facebook Twitter Instagram YouTube

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ /
পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, ফুটবল বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ক্রীড়া আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহফিজুল ইসলাম মাসুম। কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিজান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া পার্বতীপুর উপজেলা কমিটির সদস্য সচিব আলহাজ মো. শওকত আলী প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক, যুগ্ম আহ্বায়িকা সেলিনা রহমান এবং উপজেলা সদস্য জাহাঙ্গীর আলম, হাসানুর রহমান ও জিয়াউর রহমান পাশা। এছাড়াও পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, তারিকুল ইসলাম এবং ৫নং ইউনিয়নের সদস্য রাকিবুল ইসলাম রাকিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ফুটবল, জার্সি, মেডেল ও গেঞ্জি বিতরণ করা হয়।

প্রীতি ফুটবল ম্যাচ শেষে ২নং মন্মথপুর ইউনিয়নের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক, কাজী সুজনকে সদস্য সচিব, হেলাল উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হেলাল হোসেন ও রাকিব রহমানকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও সর্বস্তরের মানুষ এই আয়োজনে উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin