Facebook Twitter Instagram YouTube

ইন্টারসেপ্টর মিসাইলের সংকটে ইরানে সামরিক হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ /
ইন্টারসেপ্টর মিসাইলের সংকটে ইরানে সামরিক হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর টানা দুই সপ্তাহ ধরে চলা বিমান হামলা হঠাৎ করেই বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ও শনিবার রাতে দেশটির ওপর নতুন কোনো হামলা চালানো হয়নি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর কাছে থাকা ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার আশঙ্কার কারণেই ওয়াশিংটন এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ পরামর্শকদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই আলোচনার পরই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা থেকে সরে আসে ট্রাম্প প্রশাসন। এর আগে শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদারের কথা বলেছিলেন, তবে নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর তিনি তার অবস্থান পরিবর্তন করেন।

নিউইয়র্ক টাইমসের সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে, বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য থাকা ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত শেষ হয়ে যেতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ধারাবাহিক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশাসনের ভেতরে এখন সংশয় দেখা দিয়েছে। ওই কর্মকর্তার মতে, সাম্প্রতিক এই সামরিক অভিযানগুলো ইরানের অভ্যন্তরে কোনো বিভাজন তৈরির পরিবর্তে দেশটির জনগণকে বরং আরও ঐক্যবদ্ধ করেছে এবং তারা এখন বিদেশি হুমকির মোকাবিলায় বেশি মনোযোগ দিচ্ছে।

রবিবার (২৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ পরামর্শকদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওই বৈঠকের পরই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin