
বিদেশগামী প্রবাসীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার একটি পৃথক আবাসন ব্যবস্থা চালু করা হচ্ছে। রবিবার (২৬ জুলাই) আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই আবাসন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে মন্ত্রণালয়ের পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার সীমিত ব্যবস্থা রয়েছে। তবে আকস্মিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে অবস্থিত হজ ক্যাম্পে অতিরিক্ত ১০০টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে।
নতুন এই আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে। পুরো প্রকল্পের অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, যুদ্ধ, বৈরী আবহাওয়া বা অন্যান্য কারণে আন্তর্জাতিক ফ্লাইট অনেক সময় বিলম্বিত বা বাতিল হয়। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে প্রবাসীদের আবাসন সংকট দেখা দেয়। হজ ক্যাম্পে এই আবাসন ব্যবস্থা চালু হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :