
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মতি (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শেখপাড়া খলিল চেম্বারের পার্শ্ববর্তী একটি ভবনের চতুর্থ তলার টিনশেড ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মতি স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি পেশায় গড়াই পরিবহনের একজন টিকিট কালেক্টর ছিলেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, মতি শেখপাড়া এলাকার ওই ভবনে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে একা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাকে শেষবারের মতো এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
রোববার সকালে ওই ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক ব্যক্তি তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মতির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিমেষ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :