Facebook Twitter Instagram YouTube

বান্দরবানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নান্না বিরিয়ানিকে জরিমানা


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ /
বান্দরবানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নান্না বিরিয়ানিকে জরিমানা

বান্দরবান পৌরসভার মাইক্রোবাস স্টেশনসংলগ্ন হাজী নান্না বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই অভিযান পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান।

অভিযান চলাকালে কর্মকর্তারা প্রতিষ্ঠানটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অকাট্য প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পচা মাংসের মধ্যে জীবাণুবাহী পোকামাকড় থাকার অভিযোগ ওঠে। পাশাপাশি একই ফ্রিজে পুরোনো কাঁচা মাংস সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার মতো গুরুতর অনিয়মগুলো কর্মকর্তাদের নজরে আসে।

খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা পুলিশের সহায়তায় পরিচালিত এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh